নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় সন্দেহভাজন সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দেশের সব স্থলবন্দর ও বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত নীল রঙের পালসার ১৫০ সিসির একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
এ মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। এ ছাড়া মামলার আরও দুই আসামি কারাগারে আছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুর্বৃত্তরা যে মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে পালিয়ে যান, সেটি উদ্ধার করা হয়েছে। উপজেলার নয়াবাজার এলাকায় ইরফান নেওয়াজ নামের এক ব্যক্তির শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, গত ২৭ অক্টোবর রাত ১০টার দিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নুরুজ্জামান মিন্টুকে আটক করা হয়। পরদিন তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রথম দফার রিমান্ডে মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে আল আমিন ও আনিসুর রহমান নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাতজনের পাসপোর্টসংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য দেশের সব স্থলবন্দর ও বিমানবন্দরে নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে ডিবি। সন্দেহভাজন ব্যক্তিরা অবৈধ পথেও দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে তথ্য পেয়েছে পুলিশ। তাদের গ্রেফতারে বিশেষ টিম কাজ করছে।
এদিকে বিশেষ একটি সূত্রের দাবি, প্রথম দফার রিমান্ড শেষে গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মিন্টুকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। এ সময় কারাবিধি লঙ্ঘন করে মোবাইল ফোনে কথা বলা, বাইরে থেকে পাঠানো খাবার গ্রহণ এবং অনুসারীদের দিকনির্দেশনা দেওয়ার মতো সুযোগ-সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ‘মিন্টু হাসান গুরুদাসপুর’ নামের তার ফেসবুক আইডিটি এখনো সক্রিয় রয়েছে। ডিবি পুলিশের ভাষ্য, বর্তমানে আইডিটি তার স্ত্রী পরিচালনা করছেন।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় গ্রেফতার আসামি মিন্টুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২)। এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল ইসলাম থানায় মামলা করেন।
হামলায় গুরুতর আহত শাকিল ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে মারা যান। পরদিন মঙ্গলবার জানাজা শেষে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আমেরিকাপ্রবাসী রাসেলের একটি শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এসব ঘটনায় জনরোষের মুখে পড়েন সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ। এর মধ্যে বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার একটি অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক ও রাজনৈতিকভাবে চাপে পড়েন আজিজ।
এদিকে গত বৃহস্পতিবার বিকালে নিহত শাকিলের গুরুদাসপুর পৌরসভার খোয়ারপাড়া খামারনাচকৈড় এলাকার বাড়িতে যান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং অপরাধী যে-ই হোক, সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।