ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোনায়েম হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজার সংলগ্ন কালিশংকরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে কুষ্টিয়ার আব্দালপুরে খেলা দেখতে যান ইউপি সদস্য মোনায়েম হোসেন। পরে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ভায়না বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কালীশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌছানোর পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

ভায়না ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার হোসেন বলেন, “বিকালে মোলাম হোসেন খেলা দেখতে আব্দালপুরে গিয়েছিলেন। রাতে বাজারের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে স্কুলের উত্তর পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। কুষ্টিয়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।” 

নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, “আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পিছনে তাকে মেরে ফেলেছে। আমি বিধবা হয়ে গেলাম। সন্তানরা এতিম হয়ে গেলো। আমি এর বিচার চাই।” 

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নই। তবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে তার প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখবো। মরদেহ কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে ফেরার পরে আমরা ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”