খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক

খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে বের হওয়া এ মিছিল থেকে দুই জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—শেখপাড়া লোহাপট্টির ব্যবসায়ী তনু ও ইব্রাহিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সোয়া ৫টার দিকে শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের ২০-২৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেতুলতলা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় দুই জন আটক হয়। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুই জনকে আটক করা হয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করে থানায় এনেছে। শুক্রবার এদের জেলহাজতে পাঠানো হবে।