যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ আটকের তথ্য জানিয়েছে। আটক ব্যক্তিরা হলেন- বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের শাওন হোসেন (৩২), একই গ্রামের গোলাম হোসেন (৫৬), নাজমুল ইসলাম (৪৫), শাওন গাজী (২৪), বড় আঁচড়া গ্রামের শামীম হোসেন (৩৭) ও মো. আব্দুল্লাহ (২৫)।
পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার ওসির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সাদিপুর ও বড় আঁচড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পুরোনো মামলার তদন্ত গিয়ে আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মী হিসেবে ছয়জনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। তবে তারা দলীয় কোনও পদে নেই।
বেনাপোল পোর্ট থানার ওসি শহীদ তিতুমীর বলেন, ‘পুরোনো মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে আওয়ামী লীগের কর্মী সন্দেহে ওই ছয়জনকে আটক করা হয়েছে। বিকালে পুলিশের পাহারায় তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।’