খুলনার দৌলতপুর থানার মোড়ে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে গুলিতে আব্দুল জলিল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তাকে কুলি বাগান থানার মোড়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক-সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে। ২-৩ দিন আগে থেকে রাসেল নামে এক যুবক জলিলের কাছে টাকা চায়। কিসের টাকা এটা জানা যায়নি। ১২ সেপ্টেম্বর সকালেও রাসেল ফোন করে জলিলের কাছে টাকা চায়। তখন জলিল কুলি বাগান আসতে বলে। জলিলও একজনকে সঙ্গে নিয়ে কুলি বাগান যায়। এরপর রাসেল একটি মোটরসাইকেলে তিন জনকে নিয়ে কুলি বাগান আসে। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল অস্ত্র বের করে জলিলকে গুলি করে। এরপর ঘটনাস্থলের অদূরে থাকা পুলিশ তাদের ধাওয়া করে। কিন্তু সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে জলিলকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।