জামিনে বেরিয়ে বিএনপি অফিসে হামলার অভিযোগ আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

কুষ্টিয়ায় জামিনে বের হয়ে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে বিএনপির প্রায় পাঁচ থেকে ছয় জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড নলকোলা গ্রামে এই ঘটনা ঘটে। 

পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রুহুলের নেতৃত্বে এই হামলা ভাঙচুর হয় বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। পরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়ি ভাঙচুর করেন এবং তার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেন বলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, সন্ধ্যার পর থেকেই তারা পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের এক নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে মুড়ি মাখিয়ে খাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা রুহুলের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লোক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালান ও ভাঙচুর করে বিএনপি সমর্থকদের আহত করেন। এতে বিএনপির পাঁচ-ছয়জন আহত হন।

বিএনপি নেতাকর্মীদের দাবি, গত কয়েকদিন আগে আওয়ামী লীগের সমর্থকরা মিছিল করার অপরাধে কুষ্টিয়া ইবি থানায় একটি নাশকতা মামলা হয়। এতে আওয়ামী লীগ নেতা রুহুলসহ অনেকেই আসামি হন। ওই মামলায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা জামিন পেয়ে এলাকায় মিষ্টিমুখ করেন, এরপর বিএনপি অফিসে এই হামলা ও ভাঙচুর চালান। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ উপস্থিত রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।