খুলনার দিঘলিয়ায় উপজেলার ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে চা খেতে বের হয়ে গুলিতে নিহত হয়েছেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫)।
রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার ফরমাইশখানা এলাকার মৃত আ. গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম বাড়ির সামনে চা খেতে বের হলে একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে আসেন। এ সময় তারা নাসিমকে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে গুলিবিদ্ধ নাসিমকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ওসি খন্দকার সানোয়ার হুসাইন মাসুম বলেন, বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। নাসিমকে কারা এবং কী কারণে গুলি করে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনের কারণ খুঁজে বের করার পাশাপাশি জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।