মেয়ের তালাককে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, গুলিবিদ্ধ বিএনপি নেতা

খুলনা নগরীর লবণচরা এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতা ইকবাল মোল্লা নামে একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে লবণচরা থানার হঠাৎ বাজার এলাকার ইসলামপাড়া প্রথম গলির সামনে এ হামলার ঘটনা ঘটে।

ইকবাল মোল্লা নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক। তিনি লবণচরা ইসলামপাড়া এলাকার বিল্লাল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের তালাককে কেন্দ্র করে ইকবাল মোল্লার সঙ্গে তার সাবেক জামাইয়ের পরিবারের বিরোধ চলছিল। এর জের ধরে কয়েকজন তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, মেয়েকে তালাক দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে। ইকবালের পায়ে গুলি লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সাবেক জামাইসহ তার পরিবারের সদস্য ও সহযোগীরা গা ঢাকা দিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন বলেন, ইকবাল মোল্লা ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক। মেয়ের তালাককে কেন্দ্র করে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা হয়েছে।