বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী কোচ। ২০০টি কোচ সরবরাহের চুক্তির আওতায় প্রথম চালানে এসব কোচ পাঠিয়েছে ভারতীয় রেলওয়ে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ভারত-বাংলাদেশের গেদে-দর্শনা আন্তদেশীয় রেল সংযোগ দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করবে।
ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে কোচগুলো তৈরি করা হয়েছে। ২০২৪ সালের ২০ মে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ২০০টি লিংকে-হফম্যান-বুশ (এলএইচবি) ব্রডগেজ কোচ সরবরাহের চুক্তি হয়।
জানা গেছে, প্রথম চালানে আসা ১৮টি কোচের মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কার ও দুটি এসি পাওয়ার কার রয়েছে।
গেদে-দর্শনা আন্তদেশীয় রেল সংযোগ দিয়ে বাংলাদেশে প্রবেশের পর কোচগুলো বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করা হবে। এরপর সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে কোচগুলো চালুর প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করা হবে।
এদিকে, নতুন কোচগুলো গ্রহণের জন্য দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।