সড়কে প্রাণ গেলো ছাত্রদল নেতার, স্ত্রীসহ ৪ জন হাসপাতালে ভর্তি

কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে আবু সাঈদ জাকারিয়া (২৪) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়ার স্ত্রী রুকাইয়া খাতুনসহ (২০) অটোরিকশার চার যাত্রী আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের চার মাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলার বিলবুয়ালিয়া গ্রামের নাজমুল ইসলামের ছেলে। কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ রাফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল। চারমাইল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান এসে ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশা থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানের চিকিৎসক ছাত্রদল নেতা জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন চিকিৎসাধীন আছেন। ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে সেটির চালক পালিয়ে গেছে। চালককে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’