অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত

অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াজ ও মাহফিল সম্পন্ন করতে পেরেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর থেকেই শহরের সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল সন্ধ্যার আগে শেষ হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলা প্রশাসনের আহ্বানে দুটি পক্ষের সমঝোতার পর মাদকবিরোধী সমাবেশটি স্থগিত করে অপরপক্ষ।

জানা যায়, শুক্রবার বিকালে নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে মুফতি আমির হামজার মাহফিলের আয়োজন করা হয়। তবে একই স্থানে, একই সময়ে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এক মাদকবিরোধী সমাবেশ ডাকে। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে বেশ উত্তেজনা চলছিল। আমির হামজার মাহফিল সফল করতে বৃহস্পতিবার বিকালে জামায়াতের নেতাকর্মীরা শহরে মোটরসাইকেল শোডাউন বের করে।

অপরদিকে মাদকবিরোধী সমাবেশের জন্য শহরের ইজিবাইকে প্রচার গাড়ি বের করে। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এদিকে এমপি আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার মধ্যে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ-৪ আসনের জামায়াত এমপি আবু তালিবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়, ভুঁইফোঁড় সংগঠনের ডাকে ১৪৪ ধারা জারি হলেও তারা মাহফিল বাস্তবায়ন করবেন।

এর পর পরই অপর পক্ষ মাদক বিরোধী সমাবেশ সফল করতে শহরে মোটরসাইকেল শোডাউন বের করে। দুটি পক্ষের শক্ত অবস্থান কর্মকাণ্ডে পরিবেশ বেশ অশান্ত হয়ে উঠলে নড়েচড়ে বসে প্রশাসনের। রাত ১০টার দিকে ইউএনও রেজওয়ানা নাগিদ ও থানার ওসি জুলফিকার আলী জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দদের ডেকে থানাতে এক বৈঠকে বসেন। সেখানে উভয়ের সমঝোতায় মাহফিলে ‘রাজনৈতিক বক্তব্য পরিহারপূর্বক’ মাহফিল করবে এবং মাদক বিরোধী সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত হয়।

শুক্রবার বিকালে বিকালে প্রধান বক্তা এমপি মুফতি আমির হামজার বক্তব্য শুরু হয়। মাগরিব নামাজের আগে মাহফিলটি শেষ হয়।