ভিডিওর জন্য দ্রুতগতিতে চালাচ্ছিলেন মোটরসাইকেল, গাছে ধাক্কা দিয়ে নিহত ২

সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা-পারুলিয়া সড়কের শোভনালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে এসআই তারিকুর রহমান শুভ জানান, তিনি ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও আহতদের নিয়ে আশাশুনি সদরে ফিরছেন। নিহত মোস্তাকিমসহ তিন যুবক একটি মোটরসাইকেলে করে অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিলেন। 

তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তারা নিয়মিত ভ্লগিং ও টিকটক কার্যক্রম পরিচালনা করতেন এবং ঘটনার সময়ও তারা ভিডিও তৈরিতে ব্যস্ত বা অতিরিক্ত গতির মধ্যে ছিলেন। অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মোস্তাকিমের মৃত্যু হয়। আহত হন দুই জন।

এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য রওনা দেন। পাশাপাশি নিহতদের লাশ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।