খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও হুমকির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে সাত দফা দাবি জানিয়েছে দলটির খুলনা জেলা শাখা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির খুলনা জেলা আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ।
লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন, নিরাপদ, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু বর্তমানে খুলনার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছেন। অপরাধীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।
বক্তব্যে আরও বলা হয়, ছোট-বড় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। হুমকি ও নিরাপত্তাহীনতার কারণে ফার্মেসিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।
এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত খুলনায় ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উঠে এসেছে। সম্প্রতি খুলনা সিটি করপোরেশনের প্রশাসকও প্রকাশ্যে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
দলটির পক্ষ থেকে বলা হয়, এসব অপরাধের পেছনে কোনো রাজনৈতিক দল বা প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-
১. খুলনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে অবিলম্বে দৃশ্যমান, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
২. সাম্প্রতিক হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, অবৈধ অস্ত্র ও মাদকসংক্রান্ত অপরাধের পরিসংখ্যান, মামলার অগ্রগতি ও নিষ্পত্তির তথ্য নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করতে হবে।
৩. অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ, এসআরবি, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের সমন্বয়ে বিশেষ অপরাধ দমন টাস্কফোর্স গঠন করতে হবে। একই সঙ্গে এ টাস্কফোর্সকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।
৪. সাম্প্রতিক হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও হামলার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতিও নিয়মিতভাবে জনগণকে জানাতে হবে।
5. অপরাধচক্রের রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়-নির্বিশেষে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
৬. ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য পরিচয় গোপন রেখে চাঁদাবাজি, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার অভিযোগ জানানোর বিশেষ হটলাইন চালু করতে হবে। পাশাপাশি অভিযোগের দ্রুত প্রতিকার নিশ্চিত করতে হবে।
৭. গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, মার্কেট, হাসপাতাল, ফার্মেসি, শিল্পাঞ্চল ও জনবহুল স্থানে বিশেষ নিরাপত্তা টহল, পর্যাপ্ত সিসিটিভি নজরদারি এবং দ্রুত পুলিশি সাড়া নিশ্চিত করতে হবে।
দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির নেতারা বলেন, অন্যথায় খুলনার মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।