১০ মাসে ৮০ খুন, শতাধিক প্রতিষ্ঠান বন্ধ; তবুও মঞ্জু বললেন ‘ভয় পাবেন না’

খুলনায় সাড়ে ১০ মাসে ৮০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে মহানগরী ও জেলায় হত্যাকাণ্ডের সংখ্যা সমান। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডও থেমে নেই। চলছে বোমাবাজি। এমন পরিস্থিতিতে নগরবাসীকে ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেছেন, প্রয়োজনে যৌথ বাহিনী গঠন করে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হবে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমি দু-এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রীকে জানাবো, প্রয়োজনে যৌথ বাহিনী গঠন করেই এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। খুলনায় পুনর্নিয়োগ পাওয়া পুলিশ কমিশনার কাজ করছেন। অনেক পুলিশ কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে, অনেকে ক্লোজড হয়েছেন।

তিনি আরও বলেন, পুলিশ এসব ঘটনা নিয়ে কাজ করছে। তাদের পেছন থেকে সাহস জোগাতে হবে এবং সহযোগিতা করতে হবে। মামলা করতে হবে, পুলিশকে তথ্য দিতে হবে। প্রকাশ্যে চাঁদাবাজি, চাঁদা না পেয়ে ভাঙচুর বিশেষ করে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব ঘটনায় অনেক রোগীকে ভয়ে চিকিৎসাকেন্দ্র ছেড়ে চলে যেতে দেখা গেছে।

মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ অঞ্চলে সন্ত্রাস দমনে প্রয়োজনে সরকার আরও কঠোর ভূমিকা নেবে। খুলনাকে সন্ত্রাসমুক্ত করা সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সন্ত্রাস দমনও সম্পর্কিত। এ পরিস্থিতি মোকাবিলায় এখন সাহসী মানুষের প্রয়োজন।

তিনি বলেন, সবাইকে সাহস করে চাঁদাবাজি মোকাবিলায় পুলিশের পাশে থাকতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপদ খুলনা গড়তে হলে আমাদের শক্ত হাতে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নগরবাসীকে বলব, কেউ ভয় পাবেন না। আসুন, আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলি।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, আলোচিত সময়ে খুলনা মহানগরীতে ৪০টি এবং জেলায় ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মহানগরীতে মাদককেন্দ্রিক ১৪টি হত্যাকাণ্ডের তথ্য দিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা নিয়ে পুলিশের বিভিন্ন শাখার তথ্যে কিছুটা অসংগতি রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনায় সক্রিয় প্রধান অপরাধী গ্রুপগুলোর মধ্যে রয়েছে গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’, নূর আজিম, পলাশ, আশিক, ট্যাংকি শাওন, আরমান, হুমা ও টাইগার টিম। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, মহানগরীর আট থানায় বর্তমানে ১৮১ জন তালিকাভুক্ত সন্ত্রাসী সক্রিয় রয়েছে। এসব অপরাধী গ্রুপের সঙ্গে কিশোর ও তরুণদের ব্যাপক সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান ও অস্ত্র উদ্ধারের পরও থামছে না সন্ত্রাসী কর্মকাণ্ড। গত সেপ্টেম্বর পর্যন্ত কেএমপি ৫০টি আগ্নেয়াস্ত্র ও ২৩৩টি গুলি উদ্ধার করেছে। অন্যদিকে, জেলা পুলিশ উদ্ধার করেছে ২৬টি আগ্নেয়াস্ত্র ও ৫৩টি গুলি।

এদিকে, চাঁদাবাজির ভয়ে খুলনায় অর্ধশতাধিক ফার্মেসিসহ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও আবাসিক হোটেলে হামলা এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগও উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ীদের অনেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভয়ে তাদের কেউ কেউ পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না। চাঁদাবাজদের ভয়ে ১১ জন চিকিৎসক ও ক্লিনিক মালিক দেশ ছেড়েছেন বলেও জানা গেছে।

কেএমপির অতিরিক্ত কমিশনার শাকিলুজ্জামান বলেন, আদালত আইনগত দিক বিবেচনা করে আসামিদের জামিন দেওয়ার উপযুক্ত মনে করলে জামিন দেন। এ ক্ষেত্রে পুলিশের কিছু করার থাকে না।

কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমান দাবি করেন, হত্যাকাণ্ডের ৩৪টির রহস্য ইতিমধ্যে উদ্‌ঘাটন করা হয়েছে। এসব ঘটনায় ১৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।