চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া পুলিশ সুপার জাহাংগীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দলটির নেতাদের নানা বার্তাও পাঠাতেন। তার বিরুদ্ধে করা মামলাটির এজাহারে এসব অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে তার পাঠানো কয়েকটি বার্তার বিবরণও মামলার এজাহারে তুলে ধরা হয়েছে।
শনিবার রাতে চট্টগ্রাম নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাংগীর আলম চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার তারপাশা এলাকায়। তিনি ২৮তম বিসিএস মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন।
গ্রেফতারের আগে শনিবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় জাহাংগীরের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বাদী চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী।
মামলার এজাহারে যা আছে
গত ৮ নভেম্বর রাত ৯টা ৫৭ মিনিটে পুলিশ সুপার জাহাংগীর আলমের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি মেসেজ যায় জনৈক ব্যক্তির কাছে। মেসেজে লেখা ছিল, ‘আসসালামুআলাইকুম স্যার। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভকামনা। রক্তের শেষবিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাবো। স্যার ডিসেম্বরের জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’
এর আগে রাত ৯টা ২৩ মিনিটে যায় ইংরেজিতে লেখা একটি মেসেজ, ‘Dear sir Best wishes for you. Inshallah Bangladesh will be restored to previous state in December. Stay fine sir. Regards sir.’ (ইনশাআল্লাহ বাংলাদেশ ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাবে।)
তবে তখনও জাহাংগীর জানতেনই না তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে প্রশাসনিক তথ্য পাচারের জন্য গোয়েন্দাদের সন্দেহের তালিকায়। নীরবে মেসেজ চালাচালির তথ্য পৌঁছে যাচ্ছে গোয়েন্দাদের কাছে। আটকে গেলেন গোয়েন্দা জালে। ১০ নভেম্বর তার ব্যক্তিগত ও অফিসিয়াল দুটি মোবাইল জব্দ করা হয়। ফরেনসিক পরীক্ষায় মিলে মেসেজ আদান-প্রদানের প্রমাণ।
অবশেষে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির দুই নম্বর সড়কে পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে অবশ্য তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী। রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতা ও দাঙ্গা সহিংসতায় উসকানি দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১২৪ (এ) ও ১৫৩ ধারায় মামলাটি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, জাহাংগীর আলম টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কিংবা তাদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাদের সহায়তায় বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন। বাদীর অভিযোগ, সরকারি কর্মকর্তা হয়েও জাহাংগীর আলম সরকারবিরোধী প্রচারণা ও রাষ্ট্রের স্থিতিশীলতা বিঘ্নিত করার ষড়যন্ত্র করছেন।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, জাহাংগীরের মোবাইলে দুটি স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। সেগুলোয় রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে। মামলা হয়েছে। তদন্তে বিষয়গুলো আরও পরিষ্কার হবে। তার সঙ্গে এ ধরনের ষড়যন্ত্রে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কেউ জড়িত আছেন কি না, তদন্ত করে দেখা হবে।
পুলিশ কর্মকর্তারা জানান, জাহাংগীর আলম মেসেজগুলো পাঠিয়েছিলেন তার ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টটির নাম ‘Daydreamer’। নিষিদ্ধ আওয়ামী লীগের কোনও নেতাকে মেসেজগুলো পাঠানো হয়েছিল, সেই তথ্যে মুখ খুলছেন না কেউই।
মামলার নথি অনুযায়ী, জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার জন্য প্রথমে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়। অনুমোদন পাওয়ার পর শনিবার রাতে পাঁচলাইশ মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এর আগে মঙ্গলবার এসপি জাহাংগীর আলমের দুটি মুঠোফোন জব্দ করে তাকে নজরদারিতে রাখে পুলিশ।
স্ত্রীর অভিযোগ ফাঁসানো হয়েছে
তবে জাহাংগীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মাসুমা আক্তার। তিনি দাবি করেন, ‘আমার স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। আমার স্বামী নির্দোষ। তিনি কোনও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার স্বামী কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।’ আজ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন মাসুমা আক্তার।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘মুঠোফোনে তার পাঠানো দুটি বড় বার্তা আমরা পেয়েছি, যা এজাহারেও উল্লেখ করা হয়েছে। একটি হলো, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং অন্যটি হলো, ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ সদর দফতরে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। এখন প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন আছে।’
চার দিনের রিমান্ড
গ্রেফতার জাহাংগীর আলমকে আজ বিকাল ৩টার দিকে কড়া পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ জাহাংগীরের রিমান্ডের জন্য সাত দিনের সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আলালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া।
আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার
গ্রেফতার এসপির দায় এড়ালো পুলিশ, যা বললেন সিএমপি কমিশনার
কড়া নিরাপত্তায় আদালতে হাজির এসপি জাহাঙ্গীর, ৪ দিনের রিমান্ড মঞ্জুর