অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত ইজিবাইক চালান। সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ চালাতে তাকে এই পেশা বেছে নিতে হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ দেখে তাকে ডেকে পাঠান জেলা পরিষদের প্রশাসক। অবশেষে আর্থিক সহায়তা নিয়ে তার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে সাবেক ছাত্রদল সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ সহায়তার এই চেক তুলে দেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক ছাত্রদল নেতা রেজওয়ান ইসলাম মুকুল, তার ছেলে সাজিদ হাসান রিয়ানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ সহায়তার এই চেক তুলে দেন

জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ বলেন, ‘রেজওয়ান ইসলাম মুকুল ছাত্রদলের দুর্দিনের সহযোদ্ধা। হামলা, মামলা, নির্যাতন সহ্য করে সে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে গেছে। তার মতো রাজনৈতিক মেধাবী মুখগুলো যখন অর্থের অভাবে অটোরিকশা চালানো শুরু করে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক রাষ্ট্রনায়ক। তার নির্দেশনায় আমরা তৃণমূল পর্যায়ে বিএনপির বঞ্চিত ও অবহেলিত নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া শুরু করেছি। সাবেক ছাত্রদল নেতা মুকুলের সন্তানরা মেধাবী। তার বড় ছেলের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রেজওয়ান ইসলাম মুকুলের সন্তানের লেখাপড়ার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছি। আমরা চাই না, আর কোনও নেতা অর্থের অভাবে মুকুলের মতো জীবিকা বেছে নিক।’