৮ বছর পর বাগেরহাট যুবদলের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। এতে সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে সভাপতি ও শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৮ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ, ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সোমবার এই কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ দিনের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশনা প্রদান করা হলো।

এর আগে সবশেষ ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৩ সালে জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে বাগেরহাটে দীর্ঘদিন যুবদলের কমিটি ছিল না। দীর্ঘদিন পরে আংশিক কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।