খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা, আটক চালক

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মহানগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আলী অপি অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

এর আগে সোমবার রাতে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় খুলনা সদর থানায় মামলাটি করা হয়। কেসিসির নিরাপত্তা শাখার সুপারভাইজার আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বরিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন ব্যক্তি কেসিসির মূল ফটকের সিঁড়িতে পেট্রোল বোমাটি নিক্ষেপ করেন।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) রোজাউর রহমান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।