গোপালগঞ্জে জানমালের নিরাপত্তায় সব পদক্ষেপ নেওয়া হয়েছে: ডিআইজি

গোপালগঞ্জ প্রতিনিধি 
১৬ নভেম্বর ২০২৬, ২০:৫৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২০:৫৫

গোপালগঞ্জে রবিবারের সহিংসতা ও নাশকতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেছেন, ‘জেলায় পুলিশ, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) সদস্যরা মোতায়েন রয়েছেন। সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। পাশাপাশি সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। তবে কোনও নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।’ 

সোমবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার সকাল থেকে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি সম্মিলিতভাবে কাজ করছে। পুলিশের প্রায় দুই হাজার সদস্য ও কর্মকর্তা মোতায়েন রয়েছেন। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা এবং চারটি উপজেলাতেও নিরাপত্তাব্যবস্থা রয়েছে। সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।’

রবিবারের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার বিষয়ে ডিআইজি বলেন, ‘এখন পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রক্রিয়া চলছে। তবে গতকাল থেকে গোপালগঞ্জের পাঁচটি থানায় বেশ কিছু আসামি গ্রেফতার হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। ডিআইজি হিসেবে এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি বা বলতে পারি যেকোনো নিরাপরাধ লোক বা অহেতুক কাউকে হেনস্তা করা হবে না। জনজীবন স্বাভাবিক করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।’

আগামী ১৯ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যেকোনো কর্মসূচি বিবেচনায় নিয়ে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে। ওই দিনের সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে পর্যাপ্ত কর্মকর্তা ও সদস্য মোতায়েন করা হবে। এ ক্ষেত্রে বিজিবিও দায়িত্ব পালন করবে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখবে।’

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রায় দুই হাজার সদস্য মোতায়েন রয়েছেন বলে জানান ডিআইজি। তিনি বলেন, ‘এর পাশাপাশি বিজিবি ১০ প্লাটুন এবং এসআরএফ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।’

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয় খোলার বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, ‘জননিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষার সব বিষয়ে বাহিনী তৎপর রয়েছে। আইনের বাইরে কোনও কর্মকাণ্ড হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে পুলিশ।’

এর আগে রবিবার গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। ওই দিন নেতাকর্মীদের হাতে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট এবং উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ দুপুরে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

তবে সোমবার গোপালগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। সকাল থেকে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন মানুষ। শহরের সড়কে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ গন্তব্যে গেছে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক পুরোপুরি কাটেনি। সোমবার বিকাল পর্যন্ত জেলার কোথাও নতুন করে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

/এএম/ 
সম্পর্কিত
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
গোপালগঞ্জের তাণ্ডব লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্যের কথা মনে করিয়ে দেয়: উপাচার্য হাছানাত
যৌথ বাহিনীর টহল জোরদার, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মজুরি বোর্ডের সভা স্থগিতের দিনই শ্রমিক বিক্ষোভ
মজুরি বোর্ডের সভা স্থগিতের দিনই শ্রমিক বিক্ষোভ
সুপার সিক্সের স্বপ্ন বাঁচাতে থাইল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে 
সুপার সিক্সের স্বপ্ন বাঁচাতে থাইল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে 
‘জীবিত ফিরতে নাও পারি’, কারাগার থেকে বিচারপতিদের চিঠি ইমরান খানের
‘জীবিত ফিরতে নাও পারি’, কারাগার থেকে বিচারপতিদের চিঠি ইমরান খানের
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল