গোপালগঞ্জের নতুন এসপিকে নিয়ে গর্বিত নিজ গ্রামের মানুষ 

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ২২:৩৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২২:৩৫

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার কাশিপুর গ্রামের সন্তান প্রত্যুষ কুমার মজুমদার গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার এই দায়িত্ব পাওয়ার খবরে নিজ এলাকা তালাসহ সাতক্ষীরাজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। তার এই অর্জন নিজ জন্মভূমির মানুষের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয় হিসেবে দেখছেন স্থানীয় লোকজন।

গত রবিবার (১৫ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনী জেলায় বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রবিবার গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জেলার এসপিসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল আনা হয়।

তবে নতুন এসপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তার অতীত রাজনৈতিক পরিচয় ঘিরে চলছে আলোচনা। ছাত্রদলের নেতাদের দাবি, প্রত্যুষ কুমার মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং জগন্নাথ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তাদের মতে, এমন একজন কর্মকর্তাকে গোপালগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া সরকারের ইতিবাচক সিদ্ধান্ত।

স্থানীয় লোকজন বলছেন, নিজের মেধা, যোগ্যতা, পেশাগত দক্ষতা ও কর্মনিষ্ঠার মধ্য দিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। কাশিপুর গ্রামের সঙ্গে তার শেকড়ের সম্পর্ক থাকায় গোপালগঞ্জের মতো গুরুত্বপূর্ণ একটি জেলার পুলিশ সুপার হিসেবে তার নতুন দায়িত্ব পাওয়ার খবরটি এলাকায় বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।

শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত নিজ এলাকার মাটি থেকে উঠে এসে কর্মজীবনে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়া নিঃসন্দেহে গর্বের। তার এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন এলাকার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা। তারা প্রত্যাশা করছেন, নতুন কর্মস্থলে তিনি সততা, সাহসিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

একজন পুলিশ সুপারের দায়িত্ব কেবল অপরাধ দমন কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ, আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং পুলিশের সঙ্গে জনগণের আস্থার সম্পর্ক সুদৃঢ় করাও এই পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। 

এক্ষেত্রে প্রত্যুষ কুমার মজুমদার নতুন কর্মস্থলে জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছেন তার নিজ এলাকার মানুষ।

তালার কাশিপুর গ্রামের সন্তান হিসেবে প্রত্যুষ কুমার মজুমদারের এই অর্জন স্থানীয় তরুণ প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা। তাদের প্রত্যাশা, নতুন কর্মস্থলে তার দায়িত্ব পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে জনবান্ধব, জবাবদিহিমূলক ও পেশাদার পুলিশিং আরও শক্তিশালী হবে।

বড় কাশিমপুর গ্রামের বাসিন্দা তারক মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হারুন-অর-রশীদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন প্রত্যুষ কুমার মজুমদার। কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। সে আমার জুনিয়র ছিল। এক ক্লাস নিচে পড়াশোনা করতো। ছোটবেলা থেকেই সব দিক দিয়ে অত্যন্ত ভালো ছেলে। পরে পুলিশে চাকরি পাওয়ার খবরে এলাকার মানুষ আনন্দিত হয়েছিল। কিন্তু এবারের মতো বিষয়টি এত আলোচনায় আসেনি। বিশেষ করে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে তাকে পদায়ন করায় এলাকায় চলছে আলোচনা। নিয়ম অনুযায়ী সরকার যেখানে পদায়ন করবে, সেখানেই কাজ করতে হবে। সে যেখানেই থাকুক, ভালো থাকুক-এটাই আমাদের চাওয়া।’ 

পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এলাকার কৃতি সন্তান দেশের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে এলাকার মুখ উজ্জ্বল করবেন, এটাই আমাদের প্রত্যাশা।’

/এএম/ 
সম্পর্কিত
গোপালগঞ্জে জানমালের নিরাপত্তায় সব পদক্ষেপ নেওয়া হয়েছে: ডিআইজি
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
সর্বশেষ খবর
এলডিসি উত্তরণের পর ওষুধের দাম বাড়ার শঙ্কা, জাতীয় কর্মপরিকল্পনার দাবি
এলডিসি উত্তরণের পর ওষুধের দাম বাড়ার শঙ্কা, জাতীয় কর্মপরিকল্পনার দাবি
মিরপুরে বাসে আগুন
মিরপুরে বাসে আগুন
মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের বিধান ফিরিয়ে আনতে বিল সংসদে
মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের বিধান ফিরিয়ে আনতে বিল সংসদে
কার্যতালিকায় উঠেও পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা হয়নি, বিরোধী দলের ক্ষোভ
কার্যতালিকায় উঠেও পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা হয়নি, বিরোধী দলের ক্ষোভ
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল