যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ডভ্যানে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে ঘটনা ঘটেছে। এতে আগুন ধরে গেলে গাড়ির চালক রাজিব (৪৫) দগ্ধ হন। চালকের সহকারী (হেলপার) হৃদয় (৪০) কাচের আঘাতে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত চালক রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে।
পুলিশ ও আহতরা জানান, ঢাকা থেকে যশোরগামী একটি বড় কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭) হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের কলাবাগানের ভেতর থেকে ৪-৫ জন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা গাড়ির বডিতে আঘাত করে এবং অপরটি পাশের খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে চালকের পাশে বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং কাভার্ডভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে।
খবর পেয়ে চাঁনপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুই জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে এবং তার অবস্থা কিছুটা গুরুতর। এ ছাড়া গাড়ির ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের হাত ও মুখ কেটে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। যারা আগুন সন্ত্রাস করছে; তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুলিশ এসব নাশকতাকারিদের আটক করছে। গতকাল রাতেও ১৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রতিনিয়ত পুলিশ অভিযান চালাচ্ছে।