বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি

খুলনার তেরখাদা উপজেলায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমান (৪৭) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়ি উত্তর মোকামপুরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বাম হাত, ডান পা এবং বাম পাঁজরের নিচে গুলিবিদ্ধ হন। গুলিবর্ষণের পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

আহত মাফিজুর রহমানের বাবার নাম আবুল হোসেন। তার বাড়ি তেরখাদা থানাধীন উত্তর মোকামপুর গ্রামে। এ ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।

তেরখাদা থানার ওসি (তদন্ত) কবির আহমেদ বলেন, দুর্বৃত্তরা আগে থেকে ঘটনাস্থলে ওতপেতে ছিল। ভুক্তভোগী ঘটনাস্থলে আসা মাত্রই তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। কিন্তু তার শরীরে তিনটি গুলিবিদ্ধ হয়। গুলি তিনটি তার বাম হাতে, বাঁ পায়ে এবং কোমরের বাম পাশে বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।