সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের অভাবে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনও রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে মো. আরাফাত (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামের একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন মহানন্দ সরকার। এ সময় ট্যাংকের ভেতরে অক্সিজেনের স্বল্পতা ও বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে নামেন আরাফাতসহ অন্যরা। একপর্যায়ে মহানন্দ ও আরাফাতের মৃত্যু হয়। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে গোলাম হোসেনসহ আরও একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা অসুস্থ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে গোলাম হোসেনকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।