শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম রেজা বিপুলকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে পাওয়া সন্দেভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে শার্শা থানাধীন নিজামপুর এলাকা থেকে শার্শা থানা পুলিশের এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সেলিম রেজা বিপুল শার্শার কেরালখালী গ্রামের উত্তরপাড়ার মৃত শামসুর রহমানের ছেলে। তিনি নিজামপুর ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা।

থানা সূত্রে জানা গেছে, বুধবার তাকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হবে।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, অপরাধ ও নাশকতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।