চাঁদাবাজির ভয়ে বন্ধ ছিল নগরীর সোনাডাঙ্গা থানার অদূরের ‘পালঙ্কি রেস্টুরেন্ট’। পুলিশ মালিককে ডেকে চাবি এনে নিরাপত্তার আশ্বাস দিয়ে রেস্টুরেন্ট খুলে দেয়। এরপর বিকালেই সেখানে গুলি করে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে মালিকের কাছে কল করে আবারও চাঁদা চায়। রেস্টুরেন্টের নিরাপত্তা দিতে টহল গাড়ির নজরদারি ছিল। কিন্তু টহল পুলিশ নিরাপত্তা দিতে পারেনি।
এ ঘটনাসহ একই দিনে মহানগরীর পাঁচটি থানার পাঁচ স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে সবশেষ গুলির ঘটনায় হালিম শেখ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পৃথক এসব গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে রাত ৮টার দিকে দৌলতপুরে। এর আগে সন্ধ্যায় আড়ংঘাটা থানা এলাকায় গুলির ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় গুলি হয়। ঠিকাদার ও ব্যবসায়ী হালিম শেখকে এ সময় গুলি করা হয়। গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ওসি মুরাদুল ইসলাম বলেন, রাতে কল্পতরু মার্কেট এলাকায় গুলির ঘটনা ঘটে। এতে হালিম শেখ নামে একজন গুলিবিদ্ধ হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মহানগরীসহ খুলনা জেলায় ৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে মহানগরীতে ৪১ ও জেলায় ৪০ জন রয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে রূপসা মৎস্য আড়ৎ সমবায় সমিতির সহ-সভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় ৩-৪ জন ব্যক্তির সঙ্গে সাঈদ শিকদারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে একটি দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজায় লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, দরজায় গুলির চিহ্ন দেখা গেছে।
এরপর দুপুর ২টার দিকে মহানগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত আড়ংঘাটার শলুয়া সুইস গেটসংলগ্ন পানুর চায়ের দোকান লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় প্রাণভয়ে দোকানে থাকা লোকজন নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন। দুর্বৃত্তরা মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছিল। স্থানীয়দের দাবি, সুইস গেট পার হয়ে দুর্বৃত্তরা আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে আরও একটি গুলির শব্দ পাওয়ার কথাও জানিয়েছেন স্থানীয়রা।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, চাঁদার দাবিতে পালঙ্কি রেস্টুরেন্ট বন্ধের খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ পদক্ষেপ নিয়ে রেস্টুরেন্ট খুলে দেয়। আর টহল পুলিশকে নজরদারির জন্য নির্দেশ দেওয়া হয়। বিকালে বাইরে থেকে দুর্বৃত্তরা রেস্টুরেন্টটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। টহল পুলিশ কাছাকাছি থাকায় দ্রুত ঘটনাস্থলে আসে। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে। এরপর সেটি আবারও বন্ধ হয়ে গেছে।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, বেলায়েত হোসেন সড়কে সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। সাঈদ শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। কী কারণে এবং কারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সে বিষয়ে জানতে তদন্ত চলছে।
লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন জানান, টুটুলের বাড়িতে গুলির ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না।
আড়ংঘাটা থানার ওসি হালিমুর রহমান জানান, শলুয়া অবদার মাথায় সুইস গেটের পাশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা পরপর তিন রাউন্ড গুলি করে। গেট পার হয়ে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো যাবে।
তিনি বলেন, সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে গুলি করে। তারা মুখে মাস্ক, মাথায় হেলমেট পরা ছিল। গুলির শব্দে লোকজন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাতে আড়ংঘাটা বাজার কেন্দ্রীয় মসজিদের পাশে দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলেমান (৫৫) ও ভ্যানচালক আব্দুল খালেক (৬৫) গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তদের ছোড়া গুলি সোলেমানের গলার পাশ দিয়ে এবং আব্দুল খালেকের হাতে লাগে। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই থানা এলাকায় এক সপ্তাহের ব্যবধানে আবারও গুলি ও একই দিনে আরও চারটি স্থানে গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে এমন অস্ত্রের মহড়া ও গুলির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর।