ভোমরা স্থলবন্দর দিয়ে ঢুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা দিয়ে পার হবেন—এমন খবরে তাৎক্ষণিক মশাল মিছিল করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের সংগীতা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এই বিক্ষোভ মশাল মিছিল করেছে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আমরা একটি খবর শুনতে পেলাম ভোমরা স্থলবন্দর দিয়ে খুনি, ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রবেশ করে সাতক্ষীরার ওপর দিয়ে পার হবে। এমন একটি ঘটনা আমরা যখন শুনেছি তখন তাৎক্ষণিক এই মশাল মিছিল দিয়ে জানিয়ে দিলাম। একটি বার্তা পৌঁছে দিলাম, যে মুহূর্তে যেকোনো সময় কেউ নৈরাজ্য করার চেষ্টা করে তাৎক্ষণিক আমরা তার জবাব দেবো, আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে আছি।
এর আগে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে ২২ নভেম্বর বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে ৪৯ বিজিবি যশোর। সেদিন বিক্ষোভ করে প্রতিরোধের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি।