‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ করা নেতা গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ২০:৩০ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২০:৩০

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’ ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করার দুই দিন পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মধুখালী উপজেলা সদরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। চেক প্রতারণার একটি মামলায় সাজার চার বছর পর তাকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার ওই মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বোরহানের এক বছরের কারাদণ্ড হয়। দণ্ডিত হলেও তিনি প্রকাশ্যে চলাফেরা করতেন।

এর আগে গত মঙ্গলবার রাতে ফেসবুক অ্যাকাউন্টে নিজের ছবি যুক্ত করে দল থেকে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’

বোরহান মাহমুদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছিলেন।

দল থেকে পদত্যাগের ব্যাখ্যা দিয়ে বোরহান বলেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দাদপুর ইউনিয়নের বহিষ্কৃত সহসভাপতি ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (স্বতন্ত্র) মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা তাকে ‘মবকারী’ আখ্যা দেন। এ কারণেই তিনি দলীয় পদ ছেড়েছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা সাংবাদিকদের বলেন, তিন-চার মাস আগে গোপালগঞ্জের কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা নেওয়া হয়। সম্প্রতি সাতৈর ইউনিয়নের কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে টাকা না দিলে ইটভাটা বন্ধের হুমকি দেন তিনি।

সঞ্জয় সাহা বলেন, এ ছাড়া বোরহান কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলেন। সর্বশেষ গত রবিবার ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বোরহান।

বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ফেসবুকে তিনি লিখেছেন, বোরহান কিছুদিন তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাকে তার সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল।

গ্রেফতারের কয়েক ঘণ্টা আগে বুধবার রাত ২টা ৫২ মিনিটে নিজের ভাড়া বাসার ভেতর থেকে ফেসবুকে এক মিনিটের এক ভিডিও বার্তায় বোরহান মাহমুদ অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে একটি মামলায় তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বাসায় সন্তানসম্ভবা স্ত্রী ও অসুস্থ মা থাকা অবস্থায় পুলিশ পাঠানোকে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বোরহান মাহমুদ চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
বহিষ্কৃত ১০ নেতাকে দলে ফেরালো যুবদল, যেসব কারণে হয়েছিলেন বহিষ্কার
শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে
মোহনা টিভির সাবেক সিইও কারাগারে
সর্বশেষ খবর
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও একজনের, আক্রান্ত ১০০৩
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও একজনের, আক্রান্ত ১০০৩
গোপালগঞ্জসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার সদস্য মোতায়েন
গোপালগঞ্জসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার সদস্য মোতায়েন
মন্দিরে ২০৬ কোটির স্বর্ণ ও হীরা দান করলেন দম্পতি
মন্দিরে ২০৬ কোটির স্বর্ণ ও হীরা দান করলেন দম্পতি
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড