দাবি করা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মহানগরের খানজাহান আলী থানার যোগীপোল এলাকার একটি বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া সন্ধ্যার পর মহানগরের ব্যস্ততম শিববাড়ি মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে খানজাহান আলী থানার জিয়া ফকিরের বাড়িতে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় রেজাউল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, খানজাহান আলী থানার যোগীপোল এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী জিয়া ফকিরের কাছে সন্ত্রাসীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
দাবি করা টাকা না পেয়ে শুক্রবার ৭ট ৫০ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী বাড়ির ফটক লক্ষ্য করে গুলি চালায়। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খানজাহান আলী থানার পরিদর্শক তদন্ত অনিমেষ মন্ডল জানান, এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ রেজাউল নামে এক ব্যক্তিকে আটক করেছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনার খানজাহান আলী থানার ওসি আবুল বাশার জানিয়েছেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে সন্ধ্যার দিকে শিববাড়ি মোড়ে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পরপর বিএনপি, এনসিপি নেতারা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে এলেও কাউকে পায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।