‘পৃথিবীর কোনও শক্তি শেখ হাসিনাকে আর দেশে ফেরাতে পারবে না’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদ এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (২৮ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘পৃথিবীর এমন কোনও শক্তি নেই যে, শেখ হাসিনাকে আর দেশে ফেরাতে পারে।’

সমাবেশে হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, ‘ভোমরা বন্দর দিয়ে শেখ হাসিনার দেশে আসার কোনও সুযোগ নেই। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাকে প্রতিহত করা হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রাহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘আপনারা সরকার ফেলে দেওয়ার দিবাস্বপ্ন দেখবেন না। সাতক্ষীরা সীমান্তে কিছু হলে তাদের শুধু প্রতিহত করা হবে না, কঠোরভাবে দমন করা হবে।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি ও মনিরুজ্জামান।

বক্তব্যে সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘খুনের পিপাসা তাদের গ্রাস করেছে। কোনোভাবেই বাংলার মানুষ তাদের আর গ্রহণ করবে না।’

সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ বলেন, ‘সরকার চিঠি দিয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। তিনি ওভাবে আসবেন না, আসবেন সীমান্ত দিয়ে। সাতক্ষীরা দেশের ৬৪ জেলার মধ্যে ব্যতিক্রম; এই সীমান্ত দিয়ে তাকে ফেরত আসতে দেওয়া হবে না।’

সদস্যসচিব আবু জাহিদ ডাবলু বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারে ছাত্র-জনতা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। কোনোভাবেই সীমান্ত দিয়ে পতিত শেখ হাসিনাকে দেশে ঢুকতে দেওয়া হবে না।’

সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয়, যে সরকারপ্রধান দেশ থেকে পালিয়ে যায়, সে আর কখনও ফিরে আসে না। হাসিনার ফিরে আসার সব অপচেষ্টা রুখে দেওয়া হবে।’