যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৫টা থেকে আবারও গোপালগঞ্জ ও পদ্মাসেতু হয়ে দূরপাল্লা বাস চলাচল বন্ধ রয়েছে। খুলনা, সাতক্ষীরা বাগেরহাটসহ এ অঞ্চলের কোনও বাস গোপালগঞ্জ হয়ে চলাচল করছে না।
তবে, রবিবার সকাল থেকে খুলনা থেকে যশোর-আরিচা হয়ে ঢাকা চলাচল করবে পরিবহন।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকালে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই বাগেরহাটের মোল্লাহাটেও রাজপথে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ বাধে। ফলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। এমন অবস্থায় মালিক পক্ষ তাৎক্ষণিক যাত্রী নিরাপত্তা চিন্তা করেন এবং বিকাল ৫টা থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ করেন।
তিনি আরও বলেন, তবে রবিবার সকালে খুলনা থেকে যশোর-আরিচা হয়ে পরিবহন চলাচল শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারা অব্যহত থাকবে।
এর আগে গত ১৮ নভেম্বর দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে পরিবহন বন্ধ করে দিয়েছিল বাস মালিকরা।