শেরপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

শেরপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে স্থানী সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে স্থানীয় সাংবাদিকদের এই তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি ও স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।

প্রেস কনফারেন্সে তিনি জানান, শেরপুরের তিনটি সংসদীয় আসনে এরইমধ্যে ব্যালট পেপারসহ নির্বাচনি সব সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই নির্বাচনকে সুষ্ঠু করতে জেলা পুলিশের ৫২টি মোবাইল টিম জেলার ৫২টি ইউনিয়নে কাজ করবে। প্রতিটি ভোট কেন্দ্রে আনসার ও পুলিশের ১৪ জন সদস্য আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে। প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর ২টি করে পেট্রোল টিম, পুরো জেলায় বিজিবির ৬টি টিম এবং র‌্যাবের ৬টি টিম কাজ করবে।

জেলার ৩৯৯টি কেন্দ্রে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মোট ২৩টি মোবাইল কোর্ট টিম কাজ করবে। জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে, জেলায় ২৮৫টি অধিক গুরুত্বপূর্ণ ও ১১৪টি সাধারণ ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। নির্বাচন চলাকালীন সময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় সেনাবাহিনীর ৪৫০ জন সদস্য, বিজিবির ১২৬ জন সদস্য, র‌্যাবের ৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।