ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে যৌন হয়রানির অপবাদ তোলার প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষকরা।
বুধবার (১মার্চ) সকাল থেকে শিক্ষকরা কোনও ক্লাসে যোগ দেননি। শিক্ষার্থীদেরও ক্লাসে দেখা যায়নি। গোটা ক্যাম্পাস ছিল প্রায় ফাঁকা।
আন্দোলনরত শিক্ষক নেতা মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খোরশেদ আলম বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। এর মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়াসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে শনিবার (৫ মার্চ) আন্দোলনরত শিক্ষক ও চিকিৎসকরা বসে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
উল্লেখ্য, কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তুলে গত ২৩ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটি গ্রুপ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের ব্যানারে আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার কথা উল্লেখ করে পাল্টা কর্মসূচি পালন করা হয়। এরপর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ঘটনার তদন্তে গঠিত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ রয়েছে। যার সময় শেষ হবে বৃহস্পতিবার।