পেটের ভেতরে হেরোইন নিয়ে পাচারকালে আটক

পেটের ভেতর হেরোইন নিয়ে পাচারকালে পিয়ারুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জামালপুর র‌্যাব-১৪ এর সদস্যরা। 

আটক ওই মাদক কারবারি রাজশাহী জেলার গোদাবাড়ি উপজেলার মাদারপুর এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানি কমন্ডারার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী থেকে পেটের ভেতর হেরোইনের একটি চালান জামালপুর আসছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার বিকালে জামালপুর সদর উপজেলার ছোনটিয়া এলাকায় অভিযান চালিয়ে পিয়ারুলকে আটক করে র‌্যাব। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে পায়ুপথ থেকে হেরোইনের দুটি প্যাকেট বের করা হয়। প্যাকেট দুটিতে ১০০ গ্রাম হেরোইন ছিল যার বাজারমূল্য ১০ লাখ টাকা। 

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি রাজশাহী থেকে হেরোইনের চালান নিয়ে জামালপুরে সরবরাহ করতে আসছিলেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা হয়েছে।