‘মানুষ দেশকে সুন্দর করতে জীবন দিয়েছে, তোদের মসনদে দেখতে চায় না’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আমি সবাইকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর ছোট দল নয়। এখন ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট ভাবলে হবে না। যখন ইসলাম বিদ্বেষী কোনও দল মাথা উঁচু করে, তখন তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য ইসলামী আন্দোলন মাঠে থাকে।’

ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে সমাবেশে শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৬টায়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

রেজাউল করীম বলেন, ‘৫ আগস্ট যখন দেশ প্রশাসনিক ভাবে ভেঙে পড়ে, তখন আমাদের কর্মীরা সংখ্যালঘুদের মন্দির পাহারায় নেমেছিল। জানমাল ও ইজ্জত রক্ষার্থে দায়িত্ব পালন করেছে। রাস্তায় মানুষের দুর্ভোগ লাগবে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। এখন পর্যন্ত শহীদদের রক্ত শুকায় নাই, মায়ের কান্না বন্ধ হয় নাই। ওই সময় কিছু স্বার্থান্বেষী মহল চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী ও  স্বার্থ উদ্ধারে লিপ্ত হয়। আমরা তাদেরকে ধিক্কার জানাই। তাদেরকে আমরা ঘৃণা জানাই।’

তিনি বলেন, ‘দেশকে সুন্দর করার জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে। এখান তোমরা নেমেছো লুট এবং সন্ত্রাসী-চাঁদাবাজির জন্য। তোরা ভালো করে জেনে রাখিস, বাংলাদেশের মানুষ দেশকে সুন্দর করার জন্য জীবন দিয়েছে। তোদের মতো সন্ত্রাসীদেরও বাংলার মসনদে দেখতে চায় না।’

রেজাউল করীম বলেন, ‘আমরা সব ইসলামী দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি।  দেশের জন্য এবং মানবতার কল্যাণের জন্য আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করার অঙ্গীকার করছি।’  

ইসলামী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের জি এম রুহুল আমীন, জেলা উত্তরের সভাপতি হাদিউল ইসলাম, জেলার দক্ষিণের সভাপতি মামুনুর রশিদ সিদ্দিকী প্রমুখ।