জামালপুরের ইসলামপুর থানার একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে সাত শ্রমিক আহত হয়েছেন। সোমবার বিকালে ইসলামপুর থানা চত্বরে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন- মো. আমিনুল (৪২), শফিকুর রহমান (৪৮), মো. সাইফুল ইসলাম (৪৩), বিপ্লব মিয়া (৪৫), লাল চাঁন (৩৮), বাবুল মিয়া (৩৯) ও মোহাম্মদ মনির (৪৪)। তাদের মধ্যে আমিনুল, শফিকুর, সাইফুল ও বিপ্লবকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। আহত শ্রমিকরা মেলান্দহ উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর থানার নতুন ভবনের নির্মাণকাজ চলছিল। বিকালে ভবনের প্রথম তলার মূল ছাদের সামনে গাড়ি রাখার স্থানে ছাদের ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে নির্মাণাধীন ছাদটি ধসে পড়লে সাত জন শ্রমিক চাপা পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ধসে পড়া ছাদের নিচ থেকে শ্রমিকদের আহত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে চার জনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, ‘ভবনটির একটি ছাদের পুরো অংশই ধসে পড়েছিল। উদ্ধার অভিযান শেষে সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটলো, তা তদন্তের পর বলা যাবে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী বলেন, ‘এটি থানার মূল ভবনের ছাদ নয়। ভবনের সামনে যে অংশে গাড়ি থামে, আজ সেই অংশের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ঢালাই করার সময় ওই অংশটি ধসে পড়ে সাত জন নির্মাণশ্রমিক আহত হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
ভবন নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী ওসমান গণি বলেন, ‘ছাদ ঢালাইয়ের সেন্টারিংয়ের মান ও নিরাপত্তায় গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটতে পারে।’