আলোচিত ‘কন্টেন্ট ক্রিয়েটর’ প্রিয়া খান (২২) এবং তার মা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। নেত্রকোনার আটপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
গত শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন প্রিয়া খান (২২) এবং তার মা হাফসা আখতার (৪২) ও ভাই স্বাধীন মিয়া।
আটপাড়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়া খান এবং তার মা ও ভাইয়ের বিরুদ্ধে নেত্রকোনার আকপাড়া থানায় একটি নিয়মিত মামলা ছিল। সেই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আশুলিয়া থানায় গ্রেফতার করা হলেও শনিবার দুপুরে আটপাড়া থানা পুলিশ এসে তাদেরকে ওই থানায় নিয়ে যান। তবে আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে কোনও মামলা চলমান নেই।
আটপাড়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন, আটপাড়া থানার একটি মামলায় প্রিয়া খানসহ তাদের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটির বাদী তমা আক্তার নামের এক নারী। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া এলাকায়। এ ছাড়াও ওই থানায় প্রিয়া খান, তার ভাই ও মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।