নেত্রকোনা শহরে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে বহু দোকান ও বসতঘর

নেত্রকোনা শহরের বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টা থেকে লাগা এই আগুনে দুটি বহুতল ভবনের বহু দোকান ও বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বড়বাজারের একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আশপাশের দোকানপাটে আগুন ছড়িয়ে পড়ে। বহুতল মজুমদার ভবনের নিচে থাকা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে নেত্রকোনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বারহাট্টা, আটপাড়া ও পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট যোগ দেয়।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, আগুনের সূত্রপাত হওয়ার পর আশপাশের দোকান ও বাসাবাড়ির গ্যাসের সিলিন্ডারসহ বিস্ফোরক জাতীয় দ্রব্য দ্রুত সরিয়ে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।