নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে সৈয়দা সাদিয়া ইসলাম নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয় একদল মানুষ।
আটক সৈয়দা সাদিয়া ইসলাম নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের অভিযোগ, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে—এমন অভিযোগ রয়েছে সাদিয়া ইসলামসহ একটি চক্রের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে কুড়পাড় এলাকায় এক নারীর কাছ থেকে টাকা নেওয়ার সময় স্থানীয় কয়েকজন সাদিয়াকে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তবে এ অভিযোগের সঙ্গে আর কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৈয়দা সাদিয়া ইসলাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তিনি সংগঠনবিরোধী কোনও কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল সরকার সাদিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত কোনও মামলা হয়নি।’