লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় জাহিদুল ইসলাম (৩৬) নামের এক মসজিদের ইমামকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ সড়কের ফারুকিয়া মাদ্রাসার সামনের এক বাসা থেকে তাদের আটক করা হয়।
আটক জাহিদুল ইসলাম উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারের পাশে রাড়ী বাড়ির নুর উদ্দিনের ছেলে এবং ফারুকিয়া জামে মসজিদের ইমাম। ওই নারী রায়পুর পৌরসভার এক প্রবাসীর স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, জাহিদুল প্রবাসীর স্ত্রীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে মসজিদ কমিটি ও এলাকাবাসী ইমামকে সতর্ক করেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে গেলে তাদের আটক করে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে রায়পুর থানার এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’









