জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটো রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও তাদের আট মাস বয়সী মেয়ে রিফা।
স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার একই পরিবারের তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশার চালক।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
মেলান্দহ থানার ওসি এ.টি.এম. মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।