শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তরের পর দুপুরে আটক ব্যক্তিদের শেরপুর আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
আটক ব্যক্তিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন সীমান্ত সড়কের বুরুঙ্গা ব্রিজ সংলগ্ন শান্তির মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় অভিযান পরিচালনা করেন ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের বারোমারী বিওপির টহলরত বিজিবি সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের খায়রুলের ছেলে আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের শমসের আলীর ছেলে মিনারুন (১৯), দেবীনগর গ্রামের লোকমানের ছেলে শামীম (২৩), চাঁপাইনবাবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আবুল কামালের ছেলে আব্দুল করিম (২১), গোদাগাড়ী উপজেলার মাদবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ইউসুফ মিয়া (২১), গোদাগাড়ী উপজেলার দেয়ার মানিকচর গ্রামের ইব্রাহিমের ছেলে শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে আল আমিন (২৪), গোদাগাড়ীর দেয়ার মানিকচর গ্রামের মাহাবুব রহমানের ছেলে আব্দুল্লাহ (২৫) ও সুরুজ্জামানের ছেলে হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জ উপজেলার মাবদুল বিশেষতুলা গ্রামের মজিবরের ছেলে রুবেল (৩০) ও গোদাগাড়ীর রাতাহারি গ্রামের রবিউল ইসলামের ছেলে মেসবাউল (২০)।
ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ সালের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ওসি কামাল হোসেন জানান, সীমান্ত এলাকা থেকে পাসপোর্ট ছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি সদস্যরা ১২ বাংলাদেশি নাগরিককে আটকের পর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্টবিহীন ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করার পর দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।