বাকৃবিতে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ালো ছাত্রদল, আহত ৯

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

হলের একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করার উদ্দেশ্যে হল থেকে বের হন। এ সময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ মাহমুদ ও সিফাতের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হুমকি-ধমকির ঘটনা ঘটে। মিছিল শেষে হলে ফেরার পর আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু অভিযোগ করেন, যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও আসাদুজ্জামান নূর সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাদের ওপর হামলা করেন।

মিজু বলেন, আমরা সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষে সোহরাওয়ার্দী হলের দিকে ফিরছিলাম। তখন ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা করেন। তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হলের ৪০ থেকে ৫০ জন এসে আমাদের ওপর হামলা চালান।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমিও আহত হয়েছি। আমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের জ্যেষ্ঠ নেতাদের দায় এড়ানোর সুযোগ নেই।

তবে মিজুর অভিযোগ অস্বীকার করে যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ বলেন, মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা জানতে চাওয়ায় মিজুর অনুসারীরা প্রথমে তাদের ওপর হামলা করেন। এ সময় সিফাতসহ তাদের পক্ষের নেতাকর্মীরা আহত হন।

তায়েফ মাহমুদের দাবি, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। গত ৩ নভেম্বর ঈশা খাঁ হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। বিষয়টি ব্যক্তিগতভাবে সমাধানের সুযোগ থাকলেও মিজু সেটিকে হল পর্যায়ের সংঘাতে রূপ দেওয়ার চেষ্টা করেন। ৫ নভেম্বর জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বৈঠকে উসকানির প্রতিবাদ করায় তাদের ওপর হামলা হয়। সর্বশেষ ছাত্রলীগবিরোধী মিছিলের আগে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা নেওয়া হয়েছে কি না, তা জানতে চাইলেও তাদের ওপর হামলা করা হয়। এতে ছাত্রদল নেতা সিফাত মাথায় গুরুতর আঘাত পান।

তায়েফ আরও বলেন, একটি পক্ষ সাংগঠনিক পদ ব্যবহার করে ছাত্রদলের মধ্যে বিভাজন সৃষ্টি এবং সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছে। ওই পক্ষের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন রয়েছে। বাকৃবি ছাত্রদল কোনও বিভাজন চায় না উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় নেতা আতিক, শফিক ও শোয়াইবের নির্দেশনায় একক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চান তারা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, ‘হামলার ঘটনার সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনকে বিতর্কিত করতে এবং ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন।

তিনি আরও বলেন, মিজু ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। ছাত্রলীগকে সামনে আনা এবং ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব অভিযোগ করা হচ্ছে।

এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাই সিসিটিভি ফুটেজ যাচাই না করে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।