পোশাক শ্রমিকদের সঙ্গে একাধিক এলাকায় পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গ্রেফতার ৩০০

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ২০:৪৬ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২০:৪৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (১৮ নভেম্বর) সকালে অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় কর্মবিরতি, ছুটি ঘোষণা এবং সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় সাভারের উলাইল ও আশুলিয়ার বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এসব ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে দুই শ্রমিক ফেডারেশন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযোগে সাভারের হেমায়েতপুরে আরও এক শ্রমিক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। চলমান শ্রমিক বিক্ষোভের ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উলাইল বাসস্ট্যান্ডে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

বুধবার দুপুরে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আল মুসলিমসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তারা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

বেলা আড়াইটার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ আত্মরক্ষার্থে শ্রমিকদের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। বিকাল ৪টার দিকে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কে ছেড়ে দেন। 

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি আলী আহমেদ বলেন, ‘পোশাকশ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিছু স্থানে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।’

আশুলিয়ায় কর্মবিরতি, ২০ কারখানা বন্ধ

শিল্পাঞ্চল আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলেছে। সকাল থেকে স্বাভাবিকভাবেই কাজে যোগ দেন শ্রমিকরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। শ্রমিক ও কারখানার নিরাপত্তার স্বার্থে এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।

শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে

ছুটি ঘোষণার পর শ্রমিকরা আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশের তথ্যমতে, বুধবার আশুলিয়ায় অন্তত ২০টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে কয়েকটি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যান্য কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে কয়েকটি কারখানায়। বন্ধ থাকা কারখানাগুলো ছাড়া শিল্পাঞ্চলের অন্য কারখানাগুলোতে শান্তিপূর্ণ ও স্বাভাবিক কর্মপরিবেশ বিরাজ করছে।

নরসিংহপুরে সড়ক অবরোধের চেষ্টা

বুধবার সকাল সোয়া ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘নরসিংহপুর এলাকায় সারমিন গ্রুপের কারখানার সামনে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ও টিয়ারশেল নিক্ষেপ করে সরিয়ে দেওয়া হয়েছে।’

এ ছাড়া আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এমকে অ্যাপারেলস কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা এ হামলা চালান বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। শ্রমিকরা কারখানার ফটক, অভ্যর্থনাকক্ষের কাচ ও একটি গাড়ির সামনের কাচ ভাঙচুর করেন। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয় পুলিশ।

হেমায়েতপুরে শ্রমিকদের অবস্থান

সকাল ৯টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কের পাশে ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগে একই এলাকার আলেয়া অ্যাপারেলস লিমিটেড কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান শ্রমিকরা।

সকাল সাড়ে ৮টার পর ওই এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক চলে যান। তবে কয়েকজন শ্রমিক ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার পাশে অবস্থান নেন। পুলিশ তাদের সড়কের পাশ থেকে সরে যেতে বলে। এ সময় কয়েকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে নিজেদের দাবি তুলে ধরেন। পরে পুলিশ মাইকে ঘোষণা করে, শান্তিপূর্ণভাবে সরে না গেলে বল প্রয়োগ করতে বাধ্য হবে। এরপর শ্রমিকরা সেখান থেকে চলে যান।

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সাভার ও আশুলিয়ার কিছু পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কয়েকটি স্থানে শ্রমিকরা জড়ো হলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এখন পর্যন্ত কোনও বল প্রয়োগ করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের মধ্যে দুষ্কৃতকারী বা যারা পরিস্থিতি ঘোলাটে করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে গ্রেফতার দুই

সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে উসকানি দেওয়ার অভিযোগে দুই শ্রমিক ফেডারেশন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুলতানা বেগম ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইলিয়াস (৫১)।

এ ছাড়া বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে এক শ্রমিক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। তার নাম হুমায়ুন কবির। তিনি তেঁতুলঝোড়া ইউনিয়ন মোটর চালক শ্রমিক লীগের সভাপতি। বেলা ১১টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একেএইচ গ্রুপের কারখানার সামনে থেকে তাকে আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘শ্রমিকদের উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দারা হুমায়ুন কবিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।’

এসব ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন

ওসি আরও বলেন, ‘উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা কারখানার মালিক ও শ্রমিক নেতাদের হুমকি দেওয়া এবং শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে সুলতানা বেগম ও মো. ইলিয়াসকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার পল্লবী এলাকায় আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য প্রয়াত মকবুল হোসেনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, লিফলেটসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।’

২৪ মামলায় গ্রেফতার প্রায় ৩০০

চলমান শ্রমিক বিক্ষোভের বিভিন্ন ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় এ পর্যন্ত ২৪টি মামলা হয়েছে। এসব মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘মঙ্গলবার পর্যন্ত সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলা হয়েছে। নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে।’

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বুধবার সকালে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি বেশ শান্ত ছিল। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন। অনেক কারখানায় কাজ শুরু হয়। আবার অনেক কারখানায় কাজ শুরু না করে কার্ড পাঞ্চ করে নিচে নেমে আসেন শ্রমিকরা। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ১০টি কারখানা বন্ধ রয়েছে। আর বুধবারের জন্য সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কাজ না করায় বুধবার ১৩টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। কারখানায় কাজ হচ্ছে না—এমন কারখানার সংখ্যা ১১টি।’

/এএম/ 
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৫
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে ঢাকায় গান পাউডার আসছে: ডিবি
সর্বশেষ খবর
‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
সারা দিন গোপালগঞ্জে যা ঘটলো, হঠাৎ কারাগারে বাড়তি নিরাপত্তা
সারা দিন গোপালগঞ্জে যা ঘটলো, হঠাৎ কারাগারে বাড়তি নিরাপত্তা
‘আমদানি করা রাজনী‌তি’ ও এসাইলাম শিকারী‌দের খপ্প‌রে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ-বাংলাদেশিরা
‘আমদানি করা রাজনী‌তি’ ও এসাইলাম শিকারী‌দের খপ্প‌রে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ-বাংলাদেশিরা
ভর্তি পরীক্ষা স্থগিত আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
ভর্তি পরীক্ষা স্থগিত আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা