জামালপুরের ইসলামপুরে পূর্ববিরোধের জেরে হামলায় অমৃত সরকার নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রাশেদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৭ নভেম্বর) ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দ্বীপচর মন্নিয়ারচর বাজারে এ ঘটনা ঘটে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত স্বর্ণ ব্যবসায়ী অমৃত সরকার বেলগাছা ঘোনাপাড়া এলাকার বাসিন্দা অমল সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মন্নিয়ারচর বাজারে স্বর্ণের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অমৃত সরকার ও অভিযুক্ত রাশেদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ওই দিন সকালে অমৃতের স্বর্ণের দোকানে গিয়ে প্রথমে কথা-কাটাকাটিতে জড়ান রাশেদ। একপর্যায়ে তিনি অমৃতের ওপর হামলা চালান।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত রাশেদ মাদকাসক্ত। হামলার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ওসি মিজানুর রহমান বলেন, দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বর্ণের কাজে ব্যবহৃত সূচ দিয়ে অমৃতের চোখ ও মুখে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ওসি আরও জানান, আটক রাশেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।