আইনজীবী আলিফ হত্যার দুই বছর, বাবা বললেন বিচারটা যেন দেখে যেতে পারি

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম 
২৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০০

চট্টগ্রামের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুই বছর পূর্ণ হয়েছে। ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী আলিফকে। 

এ ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম এখনও শেষ হয়নি। মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়। তাদের মধ্যে ২৭ জনকে গ্রেফতারের পর বর্তমানে কারাগারে থাকলেও এখনও পলাতক ১০ জন আসামি। তারা ধরাছোঁয়ার বাইরে আছেন।

তবে দুই বছরেও বিচার শেষ না হওয়ায় ক্ষুব্ধ আলিফের পরিবারের সদস্য ও সহকর্মীরা। আলিফ হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বুধবার আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে। তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের জন্য জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে।

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতের অদূরে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নৃশংসভাবে হত্যার পর তার লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করে হত্যাকারীরা।

এরপর রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকা থেকে গ্রেফতারের পর চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করলে ইসকনের সদস্যরা আদালত এলাকায় তাণ্ডব শুরু করেন। এ সময় তারা কোর্টহিল জামে মসজিদসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। একপর্যায়ে সাধারণ আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে ইসকন সদস্যদের সংঘাত শুরু হয়। সংঘাতের মধ্যেই আলিফকে রঙ্গম কনভেনশন হলের সামনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। 

আলিফ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনকে আসামি করে মামলা করেন। 

২০২৫ সালের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা সাবেক মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৭ জনকে আসামি করে আদালতে এ মামলায় অভিযোগপত্র জমা দেন। এতে প্রধান আসামি করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। পরে ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

চার্জশিটে বাকি আসামিদের মধ্যে রয়েছেন- চন্দন দাশ মেথর, রিপন দাশ, রাজীব ভট্টাচার্য্য, শুভ কান্তি দাশ, আমান দাশ, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত প্রকাশ দাস, রুমিত দাস, নয়ন দাশ, ওমকার দাশ, বিশাল, লালা দাশ, সামীর, সোহেল দাশ, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, লালা মেথর, দুর্লভ দাস, সুমিত দাশ, সনু দাস, সকু দাস, ভাজন, আশিক, শাহিত, শিবা দাস ও দ্বীপ দাস। 

বুধবার বিকালে মামলার বাদী ও আলিফের বাবা জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, আমার ছেলেকে দিনদুপুরে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। তাকে আর ফিরে পাবো না। আমার বয়স হয়েছে। ছেলে হত্যার বিচারটা যেন আমি দেখে যেতে পারি। যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই।

মামলার আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আলিফ হত্যা মামলায় মোট ৩৭ জন আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। এর মধ্যে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১০ জন এখনও পলাতক রয়েছেন।

তিনি আরও বলেন, অভিযোগপত্রে ৪৯ জন সাক্ষী রয়েছেন। এর মধ্যে মাত্র চারজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন মামলার বাদী। এখনও মামলাটি স্থানান্তর করা হয়নি। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, আলিফ হত্যা মামলায় যেসব আসামি এখনও গ্রেফতার হয়নি তাদের গ্রেফতারে অভিযান চলমান আছে। যে ১০ আসামি পলাতক তাদের আমরা খুঁজছি।

/এএম/এএস/
সম্পর্কিত
দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কমিটি গঠনের নির্দেশ
অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে মেয়েকে হত্যা, ইরানে গ্রেফতার বাবা-মা
গুম-খুনের মানবতাবিরোধী অপরাধ জিয়াউলের বিরুদ্ধে পরবর্তী যুক্তিতর্ক ২৫ নভেম্বর
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
রোমার কাছে পয়েন্ট খুইয়ে শীর্ষস্থান হারালো পিএসজি
উয়েফা চ্যাম্পিয়নস লিগ রোমার কাছে পয়েন্ট খুইয়ে শীর্ষস্থান হারালো পিএসজি
২৫ টাকার টয়লেট টিস্যু সরকারি প্রতিষ্ঠান কিনলো ৬৯ টাকা দরে
২৫ টাকার টয়লেট টিস্যু সরকারি প্রতিষ্ঠান কিনলো ৬৯ টাকা দরে
ইয়েমেনে সেনা অভিযানে ২৭ হুথি সদস্য নিহত
ইয়েমেনে সেনা অভিযানে ২৭ হুথি সদস্য নিহত
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা