ইউএনওর কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত পেয়েছে পুলিশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচতলায় পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খণ্ড খণ্ড কাচের টুকরো উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ নভেম্বর) সকালে ইউএনওর কার্যালয়ের নিচতলার যুব উন্নয়ন ও সমবায় কর্মকর্তার কার্যালয়ের মাঝামাঝি দেয়ালের নোটিশ বোর্ডের কাগজে পোড়ার চিহ্ন এবং মেঝেতে সবুজ কাচের টুকরো পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের দেয়ালে কালচে দাগ দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ বলেন, ‘গত বৃহস্পতিবার বিকালে কাজ শেষে অফিসে তালা দিয়ে আমরা সবাই চলে যাই। মাঝে দুদিন ছুটি ছিল। রবিবার সকালে ক্যাশিয়ার কার্যালয় খুলে এমন অবস্থা দেখতে পান। তবে কখন ঘটনাটি ঘটেছে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ইউএনও সানজিদা রহমান ও ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার সাজেদুল ইসলাম বলেন, ‘সকালে গেট খুলে মেঝেতে কাচের টুকরো ও দেয়ালে পোড়া কাগজ দেখে অফিসের কর্মকর্তাদের বিষয়টি জানাই। তারা এসে প্রমাণ পেয়েছেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই কার্যালয়ের কেচি গেট বন্ধ ছিল। এ ছাড়া রাতভর পাহারায় থাকা গ্রাম পুলিশ ও নৈশপ্রহরীরা বিস্ফোরণের কোনও শব্দ শোনেননি। আজ সকালে ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার আলামত উদ্ধার করা হয়েছে। তবে সিসিটিভি ফুটেজে হামলাকারীদের দেখা যায়নি। এত নিরাপত্তা ও কার্যালয়ের সামনে গ্রিলের বেড়া ভেদ করে কীভাবে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘ইউএনও কার্যালয়ের নিচতলা থেকে পেট্রোল বোমার কাচের খণ্ড খণ্ড টুকরো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও সানজিদা রহমান বলেন, ‘এটি পেট্রোল বোমা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কাগজ পোড়া ও কাচের টুকরো পাওয়া গেলেও সিসিটিভি ফুটেজে কাউকে দেখা যায়নি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’