রাজশাহীতে বাংলা ট্রিবিউনের ২য় বর্ষপূর্তি উদযাপন

আনন্দঘন পরিবেশে রাজশাহীতে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। নগরীর মিয়াপাড়া পাবলিক লাইব্রেরিতে বিকেল ৫টায় আয়োজিত এই অনুষ্ঠানে বাংলা ট্রিবিউনের ডাকে সাড়া দিয়ে সমবেত হতে থাকেন অতিথিরা। এসময় পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়, গল্পে-আড্ডায় একসঙ্গে আনন্দঘন বিকেলে উপভোগ করেছেন বাংলা ট্রিবিউনের রাজশাহীর পাঠক-সুধী ও শুভানুধ্যায়ীরা। পুরো আয়োজনটি রাজশাহীর সুধীজনদের মিলনমেলায় পরিণত হয়।

রাজশাহীতে বাংলা ট্রিবিউনের ২য় বর্ষপূর্তি উদযাপন

শুক্রবার এই অনুষ্ঠানে বাংলা ট্রিবিউনের তিন বছরে পা রাখার শুভ লগ্নে কেক কাটেন অতিথিরা। দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বাংলা ট্রিবিউন কাজ করছে উল্লেখ করে বক্তারা বাংলা ট্রিবিউন পরিবারকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘এক সময় পত্রিকা আমাদের হাতে আসতে আসতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেত। কিন্তু বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে পাঠক আর বিকলে পর্যন্ত বসে থাকতে আগ্রহী নয়, পাঠকের চাই টাটকা খবর। ইন্টারনেটের কল্যাণে অনলাইন পত্রিকাগুলো পাঠকের সে চাহিদা পূরণ করছে। তবে দু-চারটে অনলাইন পত্রিকা ছাড়া বাকি পত্রিকাগুলোর মান খুবই খারাপ। কিন্তু বাংলা ট্রিবিউন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করে যা সত্যিই প্রশংসার দাবি রাখে।’

স্থানীয় দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত বলেন, ‘বাংলা ট্রিবিউন আন্তর্জাতিক পত্রিকাগুলোর মানের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন জরিপ চালায়। আমি দেখেছি সম্প্রতি তারা ঢাকা, চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রদের দেওয়া প্রতিশ্রুতির ওপর জরিপ চালিয়েছে। যা অন্যান্য অনলাইন পত্রিকার ক্ষেত্রে চোখে পড়ে না।’

অনুষ্ঠানে বাংলা ট্রিবিউনের রাজশাহী প্রতিনিধি দুলাল আব্দুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, জেলা বিএনপির দফতর সম্পাদক গোলাম মোস্তফা মামুন ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।

রাজশাহীতে বাংলা ট্রিবিউনের ২য় বর্ষপূর্তি উদযাপন

এদিকে অনুষ্ঠানে গান পরিবেশন করে সবার মন কেড়েছেন মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তবিবুর রহমান মাসুম, মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রাশেদ রিপন, কোষাধ্যক্ষ তানজিমুল হক, ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক ও নাট্যব্যক্তিত্ব কামারুল্লাহ সরকার, গ্রামীণ ফোনের রাজশাহী শাখার প্রতিনিধি জিয়া হাসান হিমেল, নর্থ বেঙ্গল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিশেনের সাধারণ সম্পাদক জিএম বাবুল চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি কায়কোবাদ খান ও সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ী।   

ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন ছাপার কাগজ ও সম্প্রচারকৃত টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী এর আগে রাজশাহীতে পালিত হয়েছে। কিন্তু রাজশাহীতে প্রথমবারের মতো অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।

/এইচকে/