আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। তাদের অভিযোগ, নৌকায় ভোট না দিলে ভোট কেন্দ্রেই যেতে নিষেধ করেছেন কালাই উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বেলাল তালুকদার।
এদিকে উদয়পুর ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ এর ছোট ভাই মফিদুল ইসলাম সরকার মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে জানান, তাদের ইউনিয়নের থল এলাকার হাটপুকুরিয়া, তেলিহার ও মোসলিমগঞ্জে কালাই থানার ওসি সিরাজুল ইসলাম নৌকার পক্ষে ভোট চেয়েছেন।
এ নিয়ে ওসিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওসি হয়ে ভোট চাওয়া কি সম্ভব? এসব নিছক অপপ্রচার।
১৩ মে রাতে জিন্দারপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমানের কর্মী সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবহান গুরুতর আহত হন। এই ঘটনায় উভয় পক্ষ কালাই থানায় মামলা দায়ের করেছেন। আবার বুধবার (২৫ মে) জিন্দারপুর ইউনিয়নের করিমপুর গ্রামে নৌকার পক্ষে আয়োজিত নির্বাচনি পথসভায় কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল তালুকদার এর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন গ্রামের সাধারণ ভোটাররা।
ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবহান বলেন, নৌকার প্রার্থী এবং তার লোকজন কোনও আচরণবিধি মানছেন না। আমার কর্মী সমর্থকদের প্রকাশ্যে হুমকিও দিচ্ছেন তারা।
কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল তালুকদার এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে শুধু ভোট চেয়েছেন। তিনি কাউকে হুমকি দেননি।
কালাইয়ের আহম্মেদাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলী আকবর বলেন, নৌকার চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। নিরপেক্ষ নির্বাচনের হলে নৌকার চেয়ারম্যান প্রার্থীই জয়লাভ করবেন।
তবে জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, কোনও অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ভয়ভীতি দেখিয়ে নির্বাচনকে কেউ বিতর্কিত করতে পারবে না। নির্বাচনকে শতভাগ নিরপেক্ষ করার সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় হোটেল মালিককে কুপিয়ে হত্যা
/জেবি/ এইচকে/