উদ্বোধনের দেড় বছর পরেও ছাত্রী নেই রাবি’র ফজিলাতুন্নেছা হলে

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি ) আবাসন সমস্যা সমাধানে প্রায় দেড় বছর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের উদ্বোধন হয়। হলে প্রশাসনিক দফতর স্থাপন করা হয় উদ্বোধনের প্রায় ১ বছর পর। কিন্তু এখনও হলে কোনও ছাত্রী তুলতে পারেনি হল কর্তৃপক্ষ।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফাহিমা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হলের কাজ মোটামুটি শেষ। তবে কর্মচারী কম থাকায় ছাত্রীদের সেবার বিষয়টি মাথায় রেখে এখনও ছাত্রী ওঠানো সম্ভব হয়নি।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে ছাত্রীদের আবাসিক সমস্যা সমাধানের জন্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার বছর পর ২০১৫ সালের ১৮ জানুয়ারি হলের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর চলতি বছরের ২৭ জানুয়ারি হলটির কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনিক দফতর স্থাপন করা হয়।

প্রাধ্যক্ষ আরও জানান, ‘ইতোমধ্যে হলে আবাসিকতা প্রদানের জন্য ছাত্রীদের আবেদনপত্র জমা ও সাক্ষাৎকার নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি চূড়ান্ত তালিকা প্রকাশ করে ঈদের পরেই ছাত্রী ওঠানো সম্ভব হবে।’

হল সূত্রে জানা গেছে, এ হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য ৪৫৬ টি, এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য ২৪ এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি সিট বরাদ্দ রয়েছে। প্রাথমিকভাবে ২০১১-১২ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হলে আবাসিকতা প্রদান করা হবে।

গ্রীষ্মকালীন ছুটির আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২৮ মে থেকে ৭ জুন আবেদনের সময় নির্ধারিত ছিল। পরে ৯ ও ১১ জুন আবেদনকারী ছাত্রীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তবে চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

/এনএস/এইচকে/

আরও পড়ুন: গুপ্তহত্যা ও গণগ্রেফতারে হেফাজতের উদ্বেগ