জঙ্গি দমনে সহায়তা নিলেও স্বকীয়তা বিসর্জন দিয়ে নয়: নাসিম

বাংলাদেশে জঙ্গি দমনে দেশি-বিদেশিসহ সবার সহায়তা নিলেও নিজেদের স্বকীয়তা বিসর্জন দিয়ে নয় এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার আমলেই এদেশে জঙ্গির উত্থান হয়েছিল। তার আমলেই দেশের ৬২ জেলায় জঙ্গিরা এক সঙ্গে সিরিজ বোমা হামলা চালায়। ২১ আগস্টের গ্রেনেড হামলা, হবিগঞ্জে গোলাম কিবরিয়া হত্যাসহ বাংলাভাই ও শায়েখ আব্দুর রহমানের সৃষ্টিও তার আমলেই। যদি এসব ঘটনার বিচার হতো, তাহলে এসব জঙ্গিরা মাথাচারা দিয়ে উঠতে পারতো না। আমরা বঙ্গবন্ধুর হত্যাকারী ও মানবতা বিরোধীদের বিচার করেছি। বঙ্গবন্ধু চেতনাকে লালন করে জনগনকে সঙ্গে নিয়ে আমরাই বাংলার মাটি থেকে জঙ্গিদের সমূলে উৎপাটন করবো।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন নাসিম

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

খালেদা জিয়ার উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপনার আমলে জঙ্গি হামলার ২টি মামলা হলেও আপনি একটিরও তদন্ত শুরু করতে পারেননি। এ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য আপনি যাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন, আজ তারাই জঙ্গি হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু,খালেদা জিয়া আপনি মনে রাখবেন জনগণের শক্তিই, বড় শক্তি। বাংলার জনগণই একজোট হয়ে আগামীতে এ অপশক্তিকে প্রতিহত করবে।

জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এ সময় সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, সাবেক মৎস্যমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বর্তমান এমপি প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, এমপি গাজী আমজাদ হোসেন মিলন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মদ,সদর সার্কেল এএসপি ফারুক আহম্মেদ, সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. কে.এম.হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, পিপি আব্দুর রহমান রানা, জাসদ নেতা আব্দুল হাই, উল্লাপাড়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মারুফ-বিএন-হাবিব, উল্লাপাড়ার মেয়র এস.এম.নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, সদর ওসি হাবিবুল ইসলাম, বেলকুচি ওসি আনিস আহম্মেদ প্রমুখ  উপস্থিত ছিলেন।

/বিটি/

আপ: এইচকে

আরও পড়ুন: শেখ হাসিনা আকাশছোঁয়া উন্নয়ন করছেন: সংস্কৃতিমন্ত্রী